প্রকাশ : ... | ... | ...

শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়ার দাবি হেফাজতের


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার খবরে আপত্তি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সরকারের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সংগঠনটি আলেম-উলামার পরামর্শে একজন ‘যোগ্য ও সর্বজনগ্রাহ্য’ ব্যক্তিকে এ দায়িত্ব দেওয়ার দাবি তুলেছে। শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী সংগঠনটির অবস্থান তুলে ধরেন। বিবৃতিতে দাবি করা হয়, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে হেফাজত বলেছে, দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষে তারা এ সিদ্ধান্তের বিরোধিতা করছে। সংগঠনটি বলেছে, এর আগেও ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিরোধিতা করা হয়েছিল। এমন সিদ্ধান্ত আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার পরিপন্থী বলে তখন জানানো হয়। বিবৃতিতে শামীম কায়সার লিংকনের ধর্মীয় অবস্থান নিয়েও কিছু অভিযোগ করেছে হেফাজত। সংগঠনটির দাবি, তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলীগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবে বিশ্বাসী নন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে ‘অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র’ হিসেবে উল্লেখ করে হেফাজত বলেছে, এ মন্ত্রণালয়ের দায়িত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া উচিত, যিনি ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য। তা না হলে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত লাগতে পারে বলে সংগঠনটির দাবি। একই সঙ্গে কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্কে চিড় ধরতে পারে বলেও সতর্ক করেছে হেফাজত। বিবৃতিতে শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আলেম-উলামার সঙ্গে পরামর্শ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জন্য একজন যোগ্য ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।