| ছবি: সংগৃহীত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে শেরেবাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে জোটের নেতারা অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা। এর আগে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করা হয়।