প্রকাশ : ... | ... | ...

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনগণের সেবায় কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দেশপ্রেম, সততা, পেশাদারত্ব এবং জবাবদিহির ভিত্তিতে জনপ্রশাসনকে পরিচালিত করতে হবে। রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির মিলনায়তনে চার দিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনে যে রাজনৈতিকীকরণের সংস্কৃতি গড়ে উঠেছে, সেখান থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে প্রকৃত অর্থে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সিভিল সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সমাজে সরকারি কর্মকর্তারা একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণির প্রতিনিধিত্ব করেন। তাই নিজেদের শাসক হিসেবে নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করাই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কর্মশালা বা কর্মসূচি আয়োজনের কোনো অর্থ নেই, যদি সেগুলোর বাস্তব সুফল সাধারণ মানুষের কাছে না পৌঁছে। দেশের নীতিনির্ধারণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন জাতীয় পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন এবং মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ সূচকেও ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ করেন তিনি। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সঠিক তথ্য ছাড়া কার্যকর রাষ্ট্রীয় নীতি প্রণয়ন সম্ভব নয়। অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক শিল্পের সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও টেকসই করা সম্ভব। পাশাপাশি দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসারেও গুরুত্বারোপ করেন তিনি।