| ছবি: সংগৃহীত
রাজস্ব ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খাত এড়িয়ে প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে এক প্রশ্নের উত্তরে রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করার চ্যালেঞ্জের কথা বলেন তিনি। সম্মেলনে সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’ দেশে ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ আয়োজন করেছে। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। রাজস্ব আহরণ বাড়ানো এবং কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করাসহ দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানের বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।