| ছবি: সংগৃহীত
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। এই জোটে যুক্ত হওয়ার বিষয়টিকে ঢাকা ঝুঁকিপূর্ণ হিসেবেও দেখছে না বলে জানান তিনি। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনা রয়েছে। এতে যুক্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।” মক্কা প্যাক্টে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে এর আগে জাতীয় সংসদেও সরকারের অবস্থান তুলে ধরা হয়। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের তৃতীয় অধিবেশনে একটি সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, জোটের বর্তমান সদস্যদেশগুলো বাংলাদেশকে যুক্ত করার আগ্রহ দেখালে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। খলিলুর রহমান বলেন, “মক্কা চুক্তি তিনটি দেশের ভেতরে হয়েছে। আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি। কারণ এটা নির্ভর করছে যারা এর সদস্য তাদের অভিপ্রায়ের ওপর।” পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, কোনো একটি সদস্য রাষ্ট্র সশস্ত্র আক্রমণের শিকার হলে সেটিকে বাকি সদস্যদেশগুলোর ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “মক্কা চুক্তির তিন দেশ যদি অভিপ্রায় প্রকাশ করে বাংলাদেশকে এতে যুক্ত করতে তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবেই বিবেচনা করব।” সম্ভাব্য সম্প্রসারণ নিয়ে তিনি আরও বলেন, “তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা যে এই চুক্তি যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটা আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই।” এদিকে একই দিনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত সম্পর্ক হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১। এই সম্পর্কের অংশ হিসেবে দুই দেশ কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি। তবে সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।