প্রকাশ : ... | ... | ...

বায়ু ও শব্দদূষণ কমাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর


সংযুক্ত ছবি

দেশে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ও সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত হর্ন ব্যবহার রোধে প্রয়োজন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেন সরকারপ্রধান। বৈঠকে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের বায়ু ও শব্দদূষণ কমানোর বিভিন্ন কৌশল এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইটভাটা থেকে সৃষ্ট দূষণ কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এ খাতে পরিবেশের ক্ষতি কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআইভিত্তিক ক্যামেরার আদলে হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত রাজধানীর সড়ক থেকে অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঢাকার অন্তত আরও ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে অল্প সময়ের মধ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বা অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা চালুর নির্দেশনাও দেন তিনি। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।