প্রকাশ : ... | ... | ...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ দেখছেন সার্জিও গোর


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সার্জিও গোর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে তার অফিসে একটি খুব ভালো বৈঠক শেষ করেছি। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়। আমরা যেমনটি আলোচনা করেছি, আমাদের অনেক সম্ভাবনা রয়েছে।’ সার্জিও গোর জানান, বাংলাদেশে পর্যটন ও বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের জন্য তাদের ট্রাভেল অ্যাডভাইজরি শিথিল করেছে। তার ভাষায়, ‘আমরা বাংলাদেশের জন্য আমাদের ট্রাভেল অ্যাডভাইজরি কমিয়ে দিয়েছি, যাতে মানুষকে পর্যটক হিসেবে এবং বিনিয়োগে আগ্রহী হিসেবে এখানে আসতে উৎসাহিত করা যায়।’ তিনি আরও বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। ‘আমরা যে বার্তাটি নিশ্চিত করতে চাই তা হচ্ছে, আমাদের দুই পক্ষের মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। আর সেটা ওষুধ শিল্পের সঙ্গে সম্পর্কিতই হোক না কেন বা অন্য কোনও কিছুর সঙ্গে হোক না কেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে। আমরা এই সম্পর্ক তৈরি করতে এবং পরবর্তী স্তরে যাওয়ার অপেক্ষায় রয়েছি,’ বলেন তিনি। সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত।