প্রকাশ : ... | ... | ...

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা ওবায়েদ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি বেড়ে যাওয়ায় দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন তিনি। এর একদিন আগে শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই দিন তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। হুমায়ুন কবিরকে একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী করার কারণ জানতে চাইলে শামা ওবায়েদ গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন, “বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে গত ৬ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক বেশি কাজ হয়েছে। নতুন নতুন উইং চালু করেছি। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছি।” পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়েও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শামা ওবায়েদ। প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগে এসব কমিটি ছিল না। কাজের পরিমাণ বাড়ার পাশাপাশি তা সম্পাদনের গতিও আগের তুলনায় বেড়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই পরিস্থিতিতে দায়িত্ব ভাগ করে কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নিতে দুজন প্রতিমন্ত্রী রাখার সিদ্ধান্ত হয়েছে। শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।