প্রকাশ : ... | ... | ...

নিবন্ধন ছাড়া কিন্ডারগার্টেন-প্রাথমিক বিদ্যালয় চালানো যাবে না: ববি হাজ্জাজ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় নিবন্ধন বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করতে পারবে না। একই সঙ্গে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকেও নিয়মিত ও কঠোর নজরদারির আওতায় আনা হবে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স রুমে ‘প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা’ নিয়ে দিনব্যাপী কর্মশালা শেষে প্রেস ব্রিফিংয়ে সরকারের এ পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। ববি হাজ্জাজ বলেন, বিগত সময়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম যথেষ্ট শক্তভাবে পর্যবেক্ষণ করা হয়নি। অনেক প্রতিষ্ঠানের নিবন্ধন থাকলেও সেগুলোর কার্যক্রম যথাযথভাবে তদারকির আওতায় আসেনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান পর্যবেক্ষণের জন্য কার্যকর নীতিরও ঘাটতি ছিল বলে উল্লেখ করেন তিনি। এই পরিস্থিতিতে নিবন্ধন ও তদারকি—দুই ক্ষেত্রেই পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধন ছাড়া কোনো বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আর নিবন্ধন পাওয়া প্রতিষ্ঠানগুলোও শুধু অনুমোদন নিয়েই দায়িত্ব শেষ করতে পারবে না; তাদের কার্যক্রম নিয়মিত ও কঠোরভাবে মনিটরিং করা হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।