প্রকাশ : ... | ... | ...

দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম কমবে, আমদানি শুরু সোমবার: কৃষিমন্ত্রী


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

কাঁচামরিচের মূল্য নিয়ন্ত্রণে আমদানির ওপর বিদ্যমান কর কমানো এবং দ্রুত আমদানি শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব পদক্ষেপের ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কাঁচামরিচ আমদানির অনুমতি ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। কৃষিমন্ত্রী জানান, বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত মূল্য কমে আসবে। ভোক্তাদের স্বস্তি দিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন। শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এ সময় তারা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি এবং বাজার ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্য প্রকাশিত হলে জনগণ সচেতন হবে এবং কৃত্রিম সংকট বা মূল্য কারসাজির সুযোগ কমে আসবে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে মন্ত্রীরা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন।