প্রকাশ : ... | ... | ...

তিন দফা দাবিতে রাজধানীতে অটোরিকশাচালকদের বিক্ষোভ


সংযুক্ত ছবি

| ছবি: আলহেরা

বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন ও পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা অটোরিকশা ও ইজিবাইক চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বৈধ অনুমতি ও লাইসেন্সের ব্যবস্থা করার দাবিও জানান। তাদের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। অটোরিকশাচালকরা জানান, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা ব্যাটারি চার্জ দিতে পারছেন না। এতে অটোরিকশা চালাতে না পেরে তারা অর্থসংকটে পড়েছেন। বিক্ষোভকারীরা বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ তাদের তিন দফা দাবি মেনে না নেওয়া হলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।