| ছবি: সংগৃহীত
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর হবে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাব অনুযায়ী ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর ধরা হবে। তবে বর্ধিত অর্থ একবারে না দিয়ে ধাপে ধাপে দেওয়ার কথা রয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিস্তারিত পদ্ধতি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে। অনুমোদনের পর এখন নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। প্রজ্ঞাপন জারি করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালে প্রণীত অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। ওই কাঠামোয় গ্রেড-১-এর সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা এবং গ্রেড-২০-এর সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন বেতন কাঠামোয় মূল বেতন গড়ে ১০০ শতাংশেরও বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে কমিশনের চেয়ারম্যান করা হয়। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই নতুন বেতন কাঠামোর প্রস্তাব পরবর্তী প্রক্রিয়ার মধ্য দিয়ে মন্ত্রিসভায় আসে। সোমবারের বৈঠক উপলক্ষে বিকেল সাড়ে ৪টা থেকে মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষে আসতে শুরু করেন। বিকেল ৫টার কিছু পরেও কয়েকজন প্রতিমন্ত্রীকে বৈঠকস্থলে আসতে দেখা যায়। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যা ৭টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে।