| ছবি: সংগৃহীত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি, কেনাকাটা এবং কথিত সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগগুলো যাচাই করতে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ। দুদক সূত্রের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ কমিশনে জমা পড়েছে। সূত্র জানিয়েছে, এসব অভিযোগের মধ্যে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের বিষয় রয়েছে। তাঁর বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগও করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে। এ ছাড়া চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব ব্যবহারের অভিযোগও দুদকে জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে। একই সঙ্গে তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো দুদকের অনুসন্ধানাধীন। অভিযোগগুলোর সত্যতা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় এখনো নির্ধারিত হয়নি।