প্রকাশ : ... | ... | ...

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান সরকারের মেয়াদেই এ স্থানান্তর সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং আগামী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী। নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সচিবালয়ে জায়গার সংকট মেটাতে সেখানে নতুন করে ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর চার মাস ধরে পরিকল্পনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। সেই প্রক্রিয়া শেষে মঙ্গলবার সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনার কথা জানান জাকারিয়া তাহের। সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ ও স্থানান্তর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।