| ছবি: সংগৃহীত
বরিশালে বিসিসি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলোয়াড়দের সংঘাতকে কেন্দ্র করে মাঠে নেমে এক নাইজেরিয়ান ফুটবলারকে মারধর করেছেন উত্তেজিত দর্শকেরা। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। খেলা শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড আগে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে ম্যাচটি আর শেষ করা যায়নি। মাঠে সংঘাতের সূত্রপাত হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি থেকে। একপর্যায়ে শহীদ জিয়া সড়ক একাদশের চার নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় ইডেন প্রতিপক্ষ শেরে বাংলা সড়ক একাদশের সাত নম্বর জার্সিধারী রাব্বিকে শরীর দিয়ে তুলে মাটিতে আছাড় মারেন। এ দৃশ্য দেখে গ্যালারি থেকে দর্শকেরা মাঠে ঢুকে ইডেনের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা পুলিশ সদস্য, আয়োজক ও স্থানীয় ক্রীড়া কর্মকর্তারা দ্রুত এগিয়ে যান। তারা উত্তেজিত দর্শকদের সরিয়ে বিদেশি খেলোয়াড়কে নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ম্যাচের ফল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খেলা বন্ধ হওয়ার সময়কার স্কোর। প্রথমার্ধে শহীদ জিয়া সড়ক একাদশ একটি গোল করলেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শেরে বাংলা সড়ক একাদশ। সংঘাতের সময়ও দলটি এগিয়ে ছিল। বরিশাল রেফারি সমিতির সহসভাপতি মাকসুদ আলম বেগ জানান, মাঠের পরিস্থিতি শান্ত হওয়ার পর পর্যাপ্ত আলোর অভাবে বাকি সময়ের খেলা চালানো সম্ভব হয়নি। ফলে ম্যাচটির চূড়ান্ত পরিণতি কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে টুর্নামেন্ট কমিটি। ঘটনার বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খেলোয়াড়দের মধ্যে সংঘাতের জেরে ক্ষুব্ধ দর্শকেরা মাঠে নেমে বিদেশি খেলোয়াড়কে আক্রমণের চেষ্টা করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেনি।