| ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ও স্পেন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছে। তবে ফাইনালের আগে সম্ভাব্য একাদশ নিয়ে দুই দলের পরিস্থিতি ভিন্ন। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এখনও দুটি পজিশন নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকলেও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রায় চূড়ান্ত দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছেন। বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে নামতে যাওয়া আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত দল নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ চালিয়ে যাচ্ছে। পুরো টুর্নামেন্টের মতো এবারও নিজের পরিকল্পনা গোপন রেখেছেন স্কালোনি। তবে ধারণা করা হচ্ছে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ডান প্রান্তের রক্ষণভাগ নিয়ে। নাহুয়েল মোলিনা টুর্নামেন্টজুড়ে প্রথম পছন্দ হলেও ইংল্যান্ডের বিপক্ষে তার দিক থেকেই গোল হজম করতে হয়েছিল আর্জেন্টিনাকে। পরে বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স করেন গনসালো মন্তিয়েল। ফলে ফাইনালে এই দুই ডিফেন্ডারের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। মাঝমাঠেও রয়েছে আরেকটি প্রশ্ন। সেমিফাইনালে জুলিয়ানো সিমিওনে শুরু থেকে খেললেও বদলি হিসেবে নেমে রদ্রিগো দে পল ম্যাচের ছন্দ বদলে দেন। অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচের চাপ সামলানোর সক্ষমতা বিবেচনায় দে পলকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে। জিওভানি লো সেলসোর নাম আলোচনায় থাকলেও তাকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে, প্রয়োজনে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে এই মিডফিল্ডারকে। অন্যদিকে স্পেন শিবিরে তেমন কোনো দুশ্চিন্তা নেই। সেমিফাইনালে ফ্রান্সকে হারানো দলটিকেই প্রায় অপরিবর্তিত রাখার পরিকল্পনা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সপ্তাহজুড়ে লামিন ইয়ামাল ও রাইট-ব্যাক পেদ্রো পোরোর ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও সংবাদ সম্মেলনে স্পেন কোচ জানিয়েছেন, দুজনই পুরোপুরি সুস্থ এবং ফাইনালে খেলার জন্য প্রস্তুত। সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল/জুলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। সম্ভাব্য স্পেন একাদশ: উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইস; লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারজাবাল।