| ছবি: সংগৃহীত
ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন তারকা ফরোয়ার্ড নেইমার ডি সিলভা জুনিয়র। দেশের জার্সিতে আর না ফেরার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেছেন, জাতীয় দলের হয়ে তার যাত্রা শেষ হয়েছে এবং সেই অধ্যায়ের স্মৃতি নিয়েই তিনি সন্তুষ্ট। মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন নেইমার। পরে সংবাদ সম্মেলনে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার সব রোমাঞ্চকর অধ্যায় এখন শেষ। আমি সেখানে ইতিহাস তৈরি করেছি এবং তাতেই আমি অত্যন্ত সুখী।” আন্তর্জাতিক ফুটবলে নিজের যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে ফুট মেরকাতোকে নেইমার বলেন, “আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।” এ সময় তিনি নিশ্চিত করেন, ব্রাজিলের হয়ে শেষ ম্যাচটি তিনি ইতোমধ্যেই খেলে ফেলেছেন। নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে। সেই ম্যাচে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো বিশ্বকাপে সীমিত সময় মাঠে নামলেও নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় তার। এরপর ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নেন তিনি। ব্যক্তিগত সাফল্যে সমৃদ্ধ ক্যারিয়ার গড়লেও জাতীয় দলের হয়ে কোনো বড় শিরোপা জিততে না পারাই নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে রইল।