| ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ফাইনালের আগে প্রতিপক্ষ স্পেনকে নিয়ে বেশ সতর্ক আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, বর্তমান স্পেন দল এতটাই শক্তিশালী যে তাদের প্রতিটি দিকই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফাইনালের আগে নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্কালোনি। সেখানে তিনি স্পেনের খেলার ধরন ও দলগত শক্তির ভূয়সী প্রশংসা করেন। স্পেনকে নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করতে গিয়ে স্কালোনি বলেন, ‘স্পেন যখন হোটেল থেকে বের হয়, তখন থেকেই আমার দুশ্চিন্তা শুরু হয়। তারা বাসে ওঠে, হোটেল ছাড়ে—এসব সময়ও আমি চিন্তিত থাকি। কারণ তারা অসাধারণ একটি দল। তাদের সবকিছুই আমাকে ভাবায়।’ দুই দলের খেলার ধরনে মিল রয়েছে বলেও মনে করেন আর্জেন্টিনা কোচ। বলের দখল ধরে রেখে মাঝমাঠ নিয়ন্ত্রণের মাধ্যমে আক্রমণ গড়ে তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করে স্পেন ও আর্জেন্টিনা—এমনটাই উল্লেখ করেন তিনি। গত চারটি বিশ্বকাপের মধ্যে এটি আর্জেন্টিনার তৃতীয় ফাইনাল হলেও স্পেন ১৬ বছর পর আবার শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেছে। তবুও অভিজ্ঞতার বিচারে নিজেদের বাড়তি সুবিধা দেখছেন না স্কালোনি। তাঁর মতে, স্পেনের অনেক খেলোয়াড়ই ইউরো ও ন্যাশনস লিগের মতো বড় টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন এবং চাপ সামলাতে অভ্যস্ত। তিনি বলেন, ‘ওদের দলে এমন অনেক ফুটবলার আছে যারা আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় ম্যাচ খেলেছে। মাঠে খেলা শুরু হলে আগের অভিজ্ঞতা নিয়ে কেউ ভাবার সময় পায় না। তখন পুরো মনোযোগ থাকে ম্যাচের দিকে। তাই আগের ফাইনাল খেলার অভিজ্ঞতা আমাদের আলাদা কোনো সুবিধা এনে দেবে বলে আমি মনে করি না।’ ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনাকে বেশ কয়েকটি কঠিন নকআউট ম্যাচ পার হতে হয়েছে। অন্যদিকে স্পেন প্রায় পুরো টুর্নামেন্টজুড়েই নিজেদের আধিপত্য ধরে রেখে ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে এসব নিয়ে বিচলিত নন স্কালোনি। তাঁর ভাষায়, কঠিন পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা আর্জেন্টিনার নতুন নয়। দল শুরু থেকেই নিজেদের ফুটবলে মনোযোগ দিয়েছে এবং বাইরের চাপ বা আলোচনা গুরুত্ব দেয়নি। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই কঠিন পরিস্থিতির মধ্যে খেলেছি। অন্যরা কী বলছে, সেদিকে নজর না দিয়ে নিজেদের খেলাটাই খেলার চেষ্টা করেছি। ফাইনালেও একই মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। ফলাফল নিয়ে আগাম ভাবার চেয়ে নিজেদের সেরাটা দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’