প্রকাশ : ... | ... | ...

মেসিকে ঘিরে বিশেষ পরিকল্পনা স্পেনের, তবে থাকবে না ম্যান-মার্কিং: ডি লা ফুয়েন্তে


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে আলাদা পরিকল্পনা থাকলেও তাকে ঠেকাতে ম্যান-টু-ম্যান মার্কিং কৌশল ব্যবহার করবে না স্পেন। এমনটাই জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস ডি লা ফুয়েন্তে। ফাইনালকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেন, মেসির মতো ফুটবলারের বিপক্ষে একজন খেলোয়াড়কে আলাদাভাবে দায়িত্ব দিয়ে আটকানো খুবই কঠিন। তাই পুরো দলগত পরিকল্পনার মধ্য দিয়েই তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এ প্রসঙ্গে নিজের কোচিং জীবনের শুরুর দিকের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ডি লা ফুয়েন্তে। তিনি জানান, সেভিয়ার যুবদলের দায়িত্বে থাকার সময় বার্সেলোনার জুনিয়র দলে খেলতেন মেসি। তখন মেসিকে নিবিড়ভাবে পাহারা দেওয়ার জন্য একজন খেলোয়াড়কে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার ভাষায়, ম্যাচের প্রায় ৭০ মিনিট পর্যন্ত স্কোর ছিল গোলশূন্য। কিন্তু মেসিকে মার্কিং করা খেলোয়াড় হলুদ কার্ড দেখায় তাকে বদলি করতে হয়। এরপর অল্প সময়ের মধ্যেই মেসি চারটি গোল করেন। সেই অভিজ্ঞতার কারণে এবার তারা একই কৌশল অনুসরণ করবেন না। তিনি বলেন, মেসির ওপর অবশ্যই বিশেষ নজর থাকবে, তবে সেটি কোনোভাবেই ব্যক্তিগত মার্কিংয়ের মাধ্যমে নয়। ৩৯ বছর বয়সী মেসি এবারের বিশ্বকাপে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। রোববারের ফাইনালটিই বিশ্বকাপ মঞ্চে তার শেষ ম্যাচ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ডি লা ফুয়েন্তে বলেন, এই বয়সেও মেসি যেভাবে খেলছেন, তা অসাধারণ। তার মানসিক দৃঢ়তা ও মাঠের পারফরম্যান্স তরুণ ফুটবলারদের জন্য অনুকরণীয় উদাহরণ। ফাইনালটি স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৭ সালে কোচিং লাইসেন্স অর্জনের সময় স্কালোনির সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে ডি লা ফুয়েন্তের। সেই সম্পর্কের কথাও স্মরণ করেন তিনি। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ম্যাচের গতি নষ্ট করতে কৌশলী বা সময়ক্ষেপণের পথ বেছে নিতে পারে—এমন ধারণাও নাকচ করে দেন স্পেন কোচ। তিনি বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জেতা একটি দলের প্রতি অসম্মান দেখানোর কোনো কারণ নেই। তার বিশ্বাস, দুই দলই আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। ফাইনালে তারকাবহুল হাফটাইম শোর কারণে বিরতির সময় স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে বলেও উল্লেখ করেন ডি লা ফুয়েন্তে। তিনি জানান, সেই বিষয়টি মাথায় রেখেই স্পেন দল প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া বিশ্বকাপে চালু হওয়া হাইড্রেশন ব্রেক এবং দীর্ঘ বিরতির মতো নতুন বিষয়গুলো ভবিষ্যতে ফুটবলের নিয়মিত অংশ হয়ে যেতে পারে বলেও মত দেন স্পেনের এই কোচ। তার মতে, যেসব পরিবর্তন আজ নতুন মনে হচ্ছে, ভবিষ্যতে সেগুলোই হয়তো ফুটবলের স্বাভাবিক বাস্তবতায় পরিণত হবে।