প্রকাশ : ... | ... | ...

বিতর্কের মুখে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন, ভবিষ্যতে স্বচ্ছতার আহ্বান এএফসি সভাপতির


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব পরিচালনায় বেসরকারি বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্যাপক সমালোচনার মুখে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। একই সঙ্গে ভবিষ্যতে বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে স্বচ্ছ ও সময়োপযোগী আলোচনা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফিফার পরিকল্পনা ছিল একটি পৃথক বাণিজ্যিক ইউনিট গঠন করে তার প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা। এই উদ্যোগ থেকে প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক ও পরিচালনাসংক্রান্ত দায়িত্ব নতুন ইউনিটটির অধীনে দেওয়া হতো। তবে গত মঙ্গলবার পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ব ফুটবলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এএফসিসহ একাধিক মহাদেশীয় কনফেডারেশন অভিযোগ তোলে, আন্তর্জাতিক ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। সমালোচনার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া ও মতামত ‘মনোযোগ দিয়ে শোনার পরই’ সংস্থাটি বিতর্কিত পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। ফিফার সিদ্ধান্তের পর এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা বলেন, ‘বিশ্ব ফুটবলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে—এমন কোনো উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে যেন তা সময়মতো, শতভাগ স্বচ্ছ ও কার্যকর উপায়ে বিভিন্ন কনফেডারেশন, ফিফা কাউন্সিল, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীদারদের টেবিলে তোলা হয় এবং ফলপ্রসূ আলোচনা করা হয়।’ তিনি আরও বলেন, ‘বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তৈরি হওয়া উচিত যৌথ সংলাপ, সুস্থ আলোচনা এবং ফুটবলের বিদ্যমান কাঠামোর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে।’ এর আগে গত বৃহস্পতিবার সদস্য দেশগুলোর উদ্দেশে পাঠানো পৃথক এক চিঠিতে শেখ সালমান ফিফার এই প্রস্তাব উপস্থাপনের প্রক্রিয়াকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করেছিলেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক এএফসি ফিফার অধীন ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের একটি। সংস্থাটি এশিয়া, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া অঞ্চলের জাতীয় দল এবং ক্লাব ফুটবলের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করে।