প্রকাশ : ... | ... | ...

বাংলাদেশ-ব্রাজিল প্রীতি ম্যাচে অর্থ বরাদ্দ দেওয়ার পরিস্থিতি নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

অক্টোবরে বাংলাদেশ ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনের ব্যয় বহন করবে না সরকার। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পৃষ্ঠপোষকসহ অন্য উৎস থেকে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পারলে ম্যাচ আয়োজনে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং কোচিং কোর্সের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারের বিপুল ব্যয়ের কারণে একটি ফুটবল ম্যাচের জন্য অর্থ বরাদ্দ দেওয়ার পরিস্থিতি নেই বলে জানান প্রতিমন্ত্রী। আমিনুল হক বলেন, ‘এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ম্যাচের জন্য টাকা খরচ করতে পারব না। আপনারা জানেন, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে। তাই একটি ম্যাচকে উপলক্ষ্য করে সরকারের পক্ষ থেকে ব্যয় করার মতো মানসিকতা আমাদের নেই।’ সরকার অর্থ না দিলেও ব্রাজিলকে ঢাকায় আনার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। বাফুফের সঙ্গে ব্রাজিলের প্রতিনিধি দলের আলোচনা হয়েছে উল্লেখ করে আমিনুল বলেন, ‘বাফুফের সঙ্গে যেহেতু ব্রাজিলের প্রতিনিধি দলের কথা হয়েছে, তারা যদি বিভিন্ন স্পন্সর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সার্বিক সহযোগিতা করব।’ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল গত রবিবার (২৩ আগস্ট) ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। স্টেডিয়াম দুটি দেখে তারা সন্তুষ্টির কথা জানিয়েছে। খেলোয়াড়সহ ৯০ জনের বহর নিয়ে অক্টোবরে ঢাকায় আসার আগ্রহও জানিয়েছে তারা। তবে পুরো উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি (ব্রাজিল দলের ঢাকায় আসার সম্ভাবনা) একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফে সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি।’ বাংলাদেশের বিপক্ষে ব্রাজিল খেলতে এলে সেটিকে দেশের ফুটবলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন আমিনুল হক। বিশেষ করে বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থকের যে উচ্ছ্বাস দেখা যায়, এমন একটি ম্যাচ তাদের জন্য বড় আকর্ষণ তৈরি করবে বলে মনে করেন তিনি। তবে একটি প্রীতি ম্যাচ দেশের ফুটবলের সামগ্রিক অবস্থায় বড় পরিবর্তন এনে দেবে—এমন ধারণার সঙ্গে একমত নন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বকাপের সময় ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য বাংলাদেশে বিপুল সমর্থন দেখা যায়। সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছা পূরণ হবে, দর্শকেরা আনন্দ পাবেন। কিন্তু এই ম্যাচের পর যে দেশের ফুটবলে পরিবর্তন আসবে, এই বিষয়ের সঙ্গে আমি একমত নই।’ দেশের ফুটবলে দীর্ঘমেয়াদি উন্নতি আনতে অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড় তৈরির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন আমিনুল হক।