প্রকাশ : ... | ... | ...

ফুলহামের মূল দলে সুযোগ পেয়েই নজর কাড়লেন ফারহান, বাড়ছে বাংলাদেশের স্বপ্ন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের উত্থানের ইঙ্গিত মিলেছে। প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের মূল দলের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ১৮ বছর বয়সী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। এর মাধ্যমে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের সিনিয়র দলের হয়ে অভিষেকের মাইলফলক স্পর্শ করলেন তিনি। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে ফারহানকে মাঠে নামান ফুলহামের নতুন প্রধান কোচ আলভারো আরবেলোয়া। মটস্পার্ক পার্কে অনুষ্ঠিত ম্যাচের ৪৬তম মিনিটে কেভিনের বদলি হিসেবে খেলতে নেমে পুরো দ্বিতীয়ার্ধে নিজের সামর্থ্যের পরিচয় দেন এই তরুণ। অভিষেকের কিছুক্ষণ পরই দূরপাল্লা থেকে নেওয়া তার দারুণ বাঁকানো শট গোলের সম্ভাবনা তৈরি করেছিল। তবে নরউইচ গোলরক্ষক ভ্লাদান কোভাচেভিচ চমৎকার সেভ করে সেটি ঠেকিয়ে দেন। ম্যাচে ফুলহাম ২-০ গোলে হারলেও ফারহানের পারফরম্যান্স ছিল ইতিবাচক আলোচনার অন্যতম বিষয়। নতুন মৌসুম শুরুর আগে ফুলহামের সামনে রয়েছে আরও চারটি প্রস্তুতি ম্যাচ। ফলে মূল দলে নিজের জায়গা আরও শক্ত করার সুযোগ পাচ্ছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই প্রতিভাবান ফুটবলার। ফারহানের বিকাশের পথটিও ছিল ধারাবাহিক। মাত্র ১২ বছর বয়সে চেলসির একাডেমি ছেড়ে ফুলহামে যোগ দেওয়ার পর বয়সভিত্তিক প্রতিটি ধাপে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করার পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেও গোল করে নজর কাড়েন। ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের নভেম্বরে তিনি প্রিমিয়ার লিগ টু-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন। ফারহানের এই অগ্রযাত্রা বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যেও নতুন আশার জন্ম দিয়েছে। লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী হামজা চৌধুরীর পর ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক সম্ভাবনাময় ফুটবলার হিসেবে তাকে দেখা হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে জাতীয় দলে পাওয়ার বিষয়ে আশাবাদী। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ফারহান। তার বাংলাদেশি পাসপোর্টের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক কার্যক্রমও শিগগির সম্পন্ন হওয়ার কথা। সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ হলে ভবিষ্যতে লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলেও দেখা যেতে পারে এই তরুণ উইঙ্গারকে, যাকে ঘিরে ইতোমধ্যেই দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা বাড়তে শুরু করেছে।