প্রকাশ : ... | ... | ...

পারেদেসের ১০, মোলিনার ৭ ম্যাচ নিষেধাজ্ঞা; ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এএফএ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর সংঘর্ষসহ টুর্নামেন্টজুড়ে একাধিক ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিফা। তিন আর্জেন্টাইন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা ও দর্শকসংখ্যা সীমিত করার সিদ্ধান্তও এসেছে। এসব শাস্তির বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শুক্রবার (২১ আগস্ট) তদন্ত শেষে সিদ্ধান্ত ঘোষণা করে ফিফার ডিসিপ্লিনারি কমিশন। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নাহুয়েল মোলিনা সাত ম্যাচ এবং থিয়াগো আলমাদা দুই ম্যাচ খেলতে পারবেন না। জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। স্পেনের গাভির ওপর এসেছে এক ম্যাচের নিষেধাজ্ঞা। খেলোয়াড় ও স্টাফদের আর্থিক জরিমানাও করেছে ফিফা। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে দিতে হবে। শাস্তি পাওয়া অন্য তিনজনের প্রত্যেককে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। তবে ফিফার তদন্তের পরিধি ফাইনাল-পরবর্তী সংঘর্ষেই সীমিত ছিল না। টুর্নামেন্ট চলাকালে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে বিলম্ব, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, মাঠে বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শনের অভিযোগও তদন্ত করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ লেখা ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক রাখার নির্দেশ দিয়েছে ফিফা। জরিমানার অর্থের মধ্যে ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী একটি কর্মসূচিতে ব্যয় করতে হবে। শাস্তির সিদ্ধান্ত মেনে না নিয়ে আইনি প্রক্রিয়ায় এগোনোর প্রস্তুতি নিচ্ছে এএফএ। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, ‘আমরা যে সকল নোটিশ পেয়েছি তার পরিপ্রেক্ষিতে এবং অ্যাসোসিয়েশন ও আমাদের খেলোয়াড়দের অধিকার রক্ষার্থে এএফএ-এর আইনি বিভাগ উপযুক্ত সময়ে ও উপযুক্ত প্রক্রিয়ায় ফিফার কাছে এই পর্যালোচনার আওতাধীন সিদ্ধান্তগুলোর পেছনের কারণ জানতে চাইবে।’ এএফএ জানিয়েছে, ফিফার আপিল কমিটির দ্বারস্থ হওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই সিদ্ধান্তগুলোর কারণ জানতে চাওয়া হবে। সেখানে প্রত্যাশিত ফল না এলে স্পোর্টস আরবিট্রেশন কোর্টে যাওয়ার পথও খোলা রাখছে তারা। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আপিল কমিটির কাছে আপিল দায়েরের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি পরবর্তীতে শেষ উপায় হিসেবে স্পোর্টস আরবিট্রেশন কোর্টে যাওয়ার সম্ভাবনাও উন্মুক্ত রাখা হচ্ছে।’