| ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি, কিন্তু দেশের মানুষের ভালোবাসায় বিজয়ীদের মতোই স্বাগত পেয়েছে নরওয়ে ফুটবল দল। প্রায় তিন দশক পর বিশ্বকাপে ফিরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানো দলটিকে বরণ করে নিতে রাজধানী ওসলোর রাজপ্রাসাদের সামনে জড়ো হন প্রায় ৯০ হাজার সমর্থক। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে আর্লিং হালান্ডের নেতৃত্বে ইতিহাস গড়ে নরওয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তারা শেষ আটে জায়গা করে নেয়। তবে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হলেও এটি বিশ্বকাপে নরওয়ের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। দল দেশে ফেরার পর সমর্থকদের সঙ্গে তাদের পরিচিত ‘ভাইকিং রো’ উদযাপনে অংশ নেয়। পুরো বিশ্বকাপজুড়ে এই উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং দেশে ফেরার পরও সেটিই ছিল সংবর্ধনার অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের যুবরাজ হাকন। ঢাক বাজিয়ে তিনি উদযাপনের সূচনা করেন। উল্লেখ্য, মিয়ামিতে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন দিয়েছিলেন তিনি। সমর্থকদের এমন অভ্যর্থনায় আবেগাপ্লুত হন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকেকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, পুরো দেশের এমন অকুণ্ঠ সমর্থন পাওয়া তাদের জন্য অবিশ্বাস্য এক অনুভূতি এবং এটি দলের জন্য বিশেষ অনুপ্রেরণার উৎস। অন্যদিকে এবারের বিশ্বকাপে সাত গোল করে আলোচনায় থাকা আর্লিং হালান্ড সোমবার সকালে নরওয়েতে ফিরলেও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিমানের সিঁড়ি দিয়ে নামার একটি ছবি শেয়ার করেন। ছবিতে তার হাতে একটি খেলনা র্যাকুন ছিল, যার থাবায় ধরা ছিল একটি কাঁচের বোতল। এনআরকের তথ্য অনুযায়ী, অন্য একটি ফ্লাইট ধরার তাড়া থাকায় ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।