| ছবি: সংগৃহীত
ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে নেওয়ার পরই বিতর্কে পড়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। খেলোয়াড় দলে ভেড়ানোর প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘনের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মেজর লিগ সকার (এমএলএস)। কাসেমিরোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তদন্তের ঘোষণা দেয় এমএলএস। অভিযোগ করেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তাদের দাবি, লিগের নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই ইন্টার মায়ামি ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের সঙ্গে আলোচনা শুরু করেছিল। এমএলএসের নিয়ম অনুযায়ী, বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ‘ডিসকভারি রাইট’ নামে একটি ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে কোনো ক্লাব নির্দিষ্ট বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আলোচনার অগ্রাধিকার সংরক্ষণ করতে পারে। সেই অধিকার কার্যকর থাকলে অন্য কোনো ক্লাব আগে অনুমতি বা অধিকার অর্জন ছাড়া ওই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করতে পারে না। এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, ইন্টার মায়ামির বিরুদ্ধে নিয়মবহির্ভূত যোগাযোগ বা ‘ট্যাম্পারিং’-এর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না। তবে তদন্ত চললেও ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ‘ডিসকভারি প্রায়োরিটি’ নিয়ে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে ওই সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হবে। এরই মধ্যে ইন্টার মায়ামি কাসেমিরোকে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করেছে। ২০২৭ সালের মে পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তিতে আরও দুই মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তবে কাসেমিরোর অভিষেকের জন্য অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রে খেলার প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট পাওয়ার পরই তিনি মাঠে নামতে পারবেন। পাশাপাশি এমএলএসের ‘ডিজাইনেটেড প্লেয়ার’ কোটাও ইন্টার মায়ামির পূর্ণ রয়েছে। ফলে তাকে কীভাবে নিবন্ধন করা হবে, সেটিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।