| ছবি: সংগৃহীত
ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক দায় ও বিভিন্ন অনিয়মের সমাধান না হওয়া পর্যন্ত লোকসান করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এ বছর আর মাঠে গড়াচ্ছে না দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। নতুন কাঠামো দাঁড় করিয়ে আগামী বছর বিপিএল ফেরানোর পরিকল্পনা করছে বোর্ড। বিসিবি সভাপতি তামিম ইকবাল বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় এ বছরের আসর না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। বিপিএলের জন্য নতুন একটি ফর্মুলা নিয়ে কাজ করছে বিসিবি। গত কয়েকটি আসরে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম না মানা ও আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকে বড় সমস্যা হিসেবে দেখছে বোর্ড। তামিমের দেওয়া হিসাব অনুযায়ী, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। বিসিবি সভাপতি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, ততক্ষণ লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।’ এই পরিস্থিতিতে দ্রুত আরেকটি আসর আয়োজনের পরিবর্তে দীর্ঘমেয়াদি সমাধানে যেতে চাইছে বিসিবি। প্রয়োজন হলে বিপিএলকে নতুনভাবে গুছিয়ে নিতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় নিতেও প্রস্তুত বোর্ড। তামিম বলেন, ‘আমাদের এটা করার ইচ্ছা শতভাগ আছে। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। এতে যদি ছয় মাস বা ১২ মাস সময়ও লাগে, আমি সেটা নেব।’ এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিসিবি। যেসব দলের বকেয়া অর্থ, ব্যাংক গ্যারান্টি কিংবা অন্য জটিলতা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চলছে। আগের মতো শেষ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার পদ্ধতি থেকেও সরে আসতে চাইছে বোর্ড। আগামী বছর এপ্রিল-মে মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে কোনো ফ্র্যাঞ্চাইজি শেষ সময়ে সরে দাঁড়ালে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। তামিম বলেন, ‘আমরা আগামী বছর এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া শেষ করতে চাই। আগে যেটা হতো, একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। এবার আমরা যথেষ্ট সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চাই, যাতে কেউ শেষ মুহূর্তে সরে গেলে আমাদের বিকল্প খোঁজার সময় থাকে।’ দ্রুত কয়েকটি দল প্রস্তুত করে বিপিএল আয়োজন করা সম্ভব হলেও সেই পথে যেতে রাজি নন বিসিবি সভাপতি। তার অগ্রাধিকারে রয়েছে টুর্নামেন্টের সুষ্ঠু কাঠামো এবং বিসিবির ভাবমূর্তি। তামিম বলেন, ‘আমি চাইলে কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট এবং বিসিবির মর্যাদা বজায় রাখা। এ জন্য যদি সমালোচনাও শুনতে হয়, আমি প্রস্তুত।’