| ছবি: সংগৃহীত
ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সাম্প্রতিক বিতর্কের পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) কোচ হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেট-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পিরলোর সম্পৃক্ততা প্রকাশ্যে আসার পর ইতালিতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এই কারণেই তাকে নিয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এমনকি তার সম্ভাব্য নিয়োগ ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উঠে আসে। বিতর্কের পর ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে পিরলো লেখেন, ‘গত কয়েক দিনে আমাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আমি তিক্ততার সঙ্গে দেখেছি। প্রতিষ্ঠান, ফেডারেশন এবং সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা রেখেই এত দিন নীরব ছিলাম। তবে এখন মনে করছি, কিছু মৌলিক বিষয় পরিষ্কার করা প্রয়োজন।’ নিজের পেশাদার চুক্তির বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘খেলোয়াড় ও কোচ হিসেবে আমি যেসব দেশে কাজ করেছি, সব সময় সেসব দেশের আইন এবং আইনসম্মত চুক্তিকে সম্মান করেছি। এই পেশাদার চুক্তির সঙ্গে রাজনৈতিক অবস্থান যুক্ত করা মানে এমন কিছু বিশ্বাস আমার ওপর চাপিয়ে দেওয়া, যা আমি কখনো প্রকাশ করিনি এবং যা আমার বিশ্বাসও নয়।’ পিরলো তার বিবৃতিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত সাবেক সতীর্থ পাওলো মালদিনি ও লিওনার্দোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাকে যোগ্য মনে করা এবং আমার ওপর আস্থা রাখার জন্য পাওলো মালদিনি ও লিওনার্দোকে ধন্যবাদ জানাই। ইতালিয়ান ফুটবলের প্রতি তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও ভালোবাসা সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন।’ এদিকে ইতালি জাতীয় দলের নতুন কোচ কে হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইতালিয়ান ফুটবল ফেডারেশন।