প্রকাশ : ... | ... | ...

ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত, সম্ভাব্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তাঁর দাবি, সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তাঁর ভাষ্য, সম্ভাব্য চুক্তির মৌলিক বিষয়গুলোতে সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে এবং এখন দ্রুত সেটি চূড়ান্ত করা প্রয়োজন। ট্রাম্প আরও দাবি করেন, চুক্তিটি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে পুরোপুরি উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে চলমান সংকটের অবসান ঘটবে। তবে ট্রাম্পের বক্তব্যের পরও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। শনিবারই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে ইরান ‘সমানুপাতিক জবাব’ দেবে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক সূত্রের বরাতে জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পকে ফোন করে সম্ভাব্য হামলার পরিকল্পনা বাতিল এবং আলোচনার পথে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এর একদিন আগে শুক্রবার ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ সামরিক পদক্ষেপ নেবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই অঞ্চলের ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। একই সঙ্গে তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে অঞ্চল ত্যাগের বিষয়টি বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।