| ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক কনটেন্ট নির্মাতা ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাসভবন থেকে আটক করেছে পুলিশ। দিল্লির যন্তর মন্তরে একটি পূর্বনির্ধারিত গণবিক্ষোভে যোগ দিতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তার আগেই তাকে হেফাজতে নেওয়া হয়। শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে গুরুগ্রাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের জারি করা পূর্বনির্ধারিত নির্দেশনা ও বিধিনিষেধ না মানার কারণে ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে। পুলিশের সদস্যরা হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর ‘কেন্দ্রীয় বিহার সোসাইটি’ আবাসিক এলাকায় তার বাসায় উপস্থিত হন। সেখান থেকেই তাকে হেফাজতে নেওয়া হয়। পরে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনার কথা প্রতিবেদনে উঠে আসে। দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ এবং ককরোচ জনতা পার্টির সমাবেশকে কেন্দ্র করে কয়েক দিন ধরে প্রশাসনিক বিধিনিষেধ জোরদার রয়েছে। বড় ধরনের জনসমাগম নিয়ন্ত্রণে রাজধানীর যন্তর মন্তরসহ দিল্লিসংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে আইন অমান্য এবং জনসমাগমকে প্রভাবিত করার আশঙ্কায় ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে।