প্রকাশ : ... | ... | ...

বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নিয়ে আইন লঙ্ঘন করেছেন ইমরান খান। এ ঘটনায় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাকে নোটিশ দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেতা। গত ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা একটি প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নেন ইমরান খান। সংগঠনটি বেশ কিছুদিন ধরে নির্বাচনী সংস্কার এবং ভোট জালিয়াতির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ভারতের নির্বাচন কমিশন। পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইমরান খান ভারতীয় নাগরিক না হয়েও বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরিট সোমাইয়া। তিনি অভিনেতার বিরুদ্ধে ‘ভারতে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত থাকার’ অভিযোগ আনেন। ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। তার কাছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা ভারতে ভ্রমণ ও বসবাসের সুযোগ পান। তবে ওসিআই কার্ডধারীরা দেশটিতে ভোট দিতে কিংবা নির্বাচনে প্রার্থী হতে পারেন না।