প্রকাশ : ... | ... | ...

‘পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেব’, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) একসময় ভারত দখল করে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়ার আগে পিওকের স্বাধীনতার দাবি তুলতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শুভেন্দু। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআইয়ের সংঘর্ষের পর জাতীয়তাবাদের চেতনা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠানটির ডাক দেওয়া হয়েছিল বলে জানান তিনি। এতে ১০ হাজার মানুষ একসঙ্গে ‘বন্দে মাতরম’ গান পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘তোমরা কি ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছ? কেন? ফিলিস্তিনের কথা বলার আগে ‘ফ্রি পিওকে’ লেখো… মনে রেখো, আমরা অবশ্যই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেব।’ বক্তব্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। ক্যাম্পাসে ‘হুমকির সংস্কৃতি’ রয়েছে দাবি করে তিনি বলেন, এটি বন্ধ করার সময় এসেছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদের চেতনা আবার ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কমিউনিস্টদের প্রভাব থাকার অভিযোগ করেন শুভেন্দু। তার দাবি, আগের তৃণমূল কংগ্রেস ও বাম সরকার জাতীয়তাবাদ এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে দুর্বল করেছে। এর ফলে শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ভারতীয় ও বাঙালি ঐতিহ্য এবং দেশের সাংস্কৃতিক উত্তরাধিকার থেকে দূরে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ‘তাদের বাড়িতে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি পাওয়া যাবে না।’ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও নির্বাচনি স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সঙ্গে সমঝোতার অভিযোগ তোলেন শুভেন্দু। তার দাবি, নির্বাচনের সময় বিজেপি ও নরেন্দ্র মোদিকে ভোট না দেওয়ার প্রচারণা থেকে তৃণমূল সুবিধা পেয়েছে। শুভেন্দু বলেন, ‘এর একটাই লাভ ছিল। নির্বাচনের সময় তারা বলত, ‘বিজেপিকে ভোট নয়, নরেন্দ্র মোদিকে ভোট নয়।’ আমার কাছে দুবার হারা মমতা এর সুবিধা নিতেন। এ কারণেই এই শক্তিকে এখানে টিকিয়ে রাখা হয়েছিল।’ ‘অপারেশন সিন্দুর’-এর বিরুদ্ধেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন বলে অভিযোগ করেন শুভেন্দু। সেই প্রসঙ্গ টেনেই তিনি কাশ্মীর ও ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগানের আগে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতার দাবি তোলার আহ্বান জানান।