| ছবি: সংগৃহীত
ভারতের পরীক্ষা সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের টাস্কফোর্সে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি. কামাকোটিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছেন কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। ২০২৫ সালে গোমূত্রের কথিত অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ নিয়ে তার মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি ভি. কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে উল্লেখ করেন এবং জানতে চান, পরীক্ষা সংস্কার কমিটিতে তাকে কেন রাখা হয়েছে। মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইন সংশোধনী বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের গঠিত নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্সের সমালোচনা করেন। তিনি বলেন, কমিটিতে সাবেক গোয়েন্দা প্রধান তপন ডেকা, সাবেক ইসরো চেয়ারম্যান এস. সোমনাথ, সাবেক শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং সাবেক বিহার মুখ্যসচিব অমৃত লাল মীনার মতো সদস্যদের পাশাপাশি ভি. কামাকোটিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিতর্ক চলাকালে প্রিয়াঙ্কা সদ্য নিয়োগ পাওয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও সমালোচনা করেন। তিনি বলেন, বিলকিস বানো মামলার দণ্ডপ্রাপ্তদের মুক্তির পক্ষে অবস্থান নেওয়া একজন ব্যক্তিকে শিক্ষামন্ত্রী করা হয়েছে, যা দেশের মেয়েদের জন্য ভুল বার্তা বহন করে। তার বক্তব্যের পর লোকসভায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, এ ধরনের মন্তব্য সংসদের ভেতরে চরিত্রহননের শামিল এবং তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীও প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যের পক্ষে প্রমাণ দাবি করেন। স্পিকার ওম বিড়লা তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেন। জবাবে প্রিয়াঙ্কা বলেন, তিনি তার বক্তব্যের সমর্থনে প্রমাণ উপস্থাপন করবেন। পরে শিক্ষামন্ত্রীকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। একই আলোচনায় প্রিয়াঙ্কা অভিযোগ করেন, ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইন কার্যকর হলেও এখন পর্যন্ত কোনো অপরাধীর শাস্তি হয়নি। তার দাবি, গত এক দশকে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।