| ছবি: সংগৃহীত
ইসরায়েলে সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালুর প্রস্তাব বিবেচনা করছে বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক দলগুলো। এ পদ্ধতি চালু হলে আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের পথ তৈরি হতে পারে বলে জানিয়েছে দেশটির হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো। প্রস্তাব অনুযায়ী, পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি ভোটাররা আলাদাভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। এতে প্রধানমন্ত্রী পদে জয়ী প্রার্থী নেসেটে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ পাবেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা তাঁর বিরোধী কোনো পক্ষই পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। তবে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যবস্থা চালু করতে হলে দেশটির আইন সংশোধন করতে হবে। ইসরায়েলের আধা সাংবিধানিক মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’ অনুযায়ী, নতুন সরকারকে শপথ নেওয়ার আগে ১২০ আসনের নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হয়। আইন সংশোধনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। এ ধরনের প্রস্তাব ইসরায়েলের রাজনীতিতে নতুন নয়। ২০২১ সালের মার্চের নির্বাচনেও কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সে সময় জোট সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নেতানিয়াহু নিজেই একই ধরনের সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন।