প্রকাশ : ... | ... | ...

ঘূর্ণিঝড় ডলফিন চীনে, বন্যা-ভূমিধসের শঙ্কায় সতর্কতা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে সাংহাইসহ বিভিন্ন এলাকায় ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের কারণে পরিবহনব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এবং শুধু সাংহাইয়েই প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে প্রথম স্থলভাগে আঘাত হানে ডলফিন। তখন এর সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় এক ঘণ্টা পর ওয়েনঝো শহরে দ্বিতীয়বার স্থলভাগে আঘাত করে ঘূর্ণিঝড়টি। ঝড়ের প্রভাবে সোমবার শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু, ঝেজিয়াং এবং সাংহাইয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এর আগে ডলফিনের জন্য সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল চীন। সোমবার সকালে এর মাত্রা কমিয়ে ঘূর্ণিঝড়টিকে ‘ক্রান্তীয় ঝড়’ হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি চীনের অভ্যন্তরের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝেজিয়াংয়ের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওয়েনঝোতে প্রায় ৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ১ হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাইঝৌ শহরেও প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষকে বাড়ি থেকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। উপকূলীয় ফুজিয়ান প্রদেশে কয়েক ডজন যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সমুদ্র উপকূলে চলমান ১০০টির বেশি নির্মাণ প্রকল্পের কাজও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সাংহাইয়ে ঝড়ের প্রভাব পর্যটন এলাকাতেও পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মানুষকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশ এবং দ্য বান্ড এলাকার কয়েকটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের ভিডিওতে সাংহাইয়ের সাবেক ফরাসি কনসেশন এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নিচতলা পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে। ঝেজিয়াংয়ের ওয়েনলিংয়ে সমুদ্রে ভেসে যাওয়ার পর নয় বছর বয়সী এক ছেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর দেয়নি চীনা কর্তৃপক্ষ। পূর্বাভাস অনুযায়ী, ঝেজিয়াংয়ের কিছু এলাকায় আগামী কয়েক দিনে ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। হাংঝৌয়ে প্রবল বাতাস ও বন্যার কারণে আশ্রয়ের সন্ধানে থাকা গাড়িচালকদের জন্য সব সরকারি পার্কিং এলাকায় পার্কিং ফি মওকুফ করেছে কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, স্থলভাগে আঘাত হানার আগে ডলফিন প্রায় ৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। এর স্থায়িত্ব সাধারণ ঘূর্ণিঝড়ের তুলনায় তিন গুণেরও বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঝড়কে কেন্দ্র করে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে। এ অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের একজন ৬০ বছর বয়সী ব্যক্তি, যিনি এআই ব্যবহার করে সাংহাইয়ে ঝড়ের সময় একজন ভবন থেকে পড়ে যাওয়ার ভুয়া ভিডিও তৈরি করেছিলেন। অন্যজন ৩২ বছর বয়সী; তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের পোস্ট করা ঘূর্ণিঝড়ের ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে ছড়িয়েছিলেন। চীনে পৌঁছানোর আগে ডলফিন ফিলিপাইন, উত্তর তাইওয়ানের কিছু এলাকা ও জাপানের ওকিনাওয়ায় প্রভাব ফেলেছে। ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, ডলফিনসহ কয়েকটি ঝড়ের প্রভাবে সৃষ্ট মৌসুমি ভারী বৃষ্টিতে দেশটিতে আটজনের মৃত্যু হয়েছে। ৭ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। জাপানের ওকিনাওয়ায় পাঁচজন প্রবীণ ব্যক্তি আহত হয়েছেন। প্রিফেকচারাল সরকারের তথ্য অনুযায়ী, তাদের কারও আঘাত প্রাণঘাতী নয়। আহতদের মধ্যে তিনজন প্রবল বাতাসে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।