প্রকাশ : ... | ... | ...

গুরুত্বপূর্ণ খনিজে কৌশলগত অংশীদারত্বে আর্জেন্টিনা–দক্ষিণ কোরিয়া


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে সহযোগিতা আরও জোরদারে নতুন অংশীদারত্ব গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে খনিজ অনুসন্ধান, উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং পরিশোধন খাতে বিনিয়োগ ও যৌথ প্রকল্পে দুই দেশ সহযোগিতা বাড়াবে। শুক্রবার আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। এর এক দিন আগে দক্ষিণ কোরিয়া চিলির সঙ্গেও একই ধরনের একটি অংশীদারত্ব চুক্তির ঘোষণা দেয়। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইর্নো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এই অংশীদারত্বের লক্ষ্য গুরুত্বপূর্ণ খনিজ খাতে বিনিয়োগ বাড়ানো এবং যৌথ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা জোরদার করা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের দক্ষিণ আমেরিকা সফরের অংশ হিসেবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে বৈঠকে এই সহযোগিতার বিষয়টি চূড়ান্ত হয়। আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, ২২ বছরের মধ্যে এটি কোনো দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের প্রথম আর্জেন্টিনা সফর। আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং কৌশলগত প্রকল্পে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম লিথিয়াম উৎপাদক আর্জেন্টিনা বৈশ্বিক জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত হওয়ায় লিথিয়ামের বৈশ্বিক চাহিদা দ্রুত বাড়ছে। এদিকে শুক্রবার উত্তর-পশ্চিম আর্জেন্টিনার সালতা প্রদেশে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পোসকোর লিথিয়াম উত্তোলন প্রকল্প সম্প্রসারণের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫৪ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগে বাস্তবায়িত এই প্রকল্প থেকে বছরে ২৩ হাজার টন লিথিয়াম কার্বোনেট উৎপাদন সম্ভব হবে। এর মাধ্যমে বছরে ৩০ কোটি ডলারের বেশি রপ্তানি আয়ের সম্ভাবনা রয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চিলির রাজধানী সান্তিয়াগো সফরে দেশটির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেও গুরুত্বপূর্ণ খনিজ খাতে দুই দেশের মধ্যে একই ধরনের সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। বিশ্বের শীর্ষ তামা উৎপাদক এবং দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম উৎপাদক দেশ চিলি দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ খনিজ কূটনীতির অন্যতম অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে।