| ছবি: সংগৃহীত
ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় হোটেলের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। খবর পেয়ে চারটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা আটকে পড়া অতিথিদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেন। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপরের তলাগুলোতে পৌঁছাতে দমকলকর্মীদের বেগ পেতে হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও হোটেলটিতে ঠান্ডা করার কাজ অব্যাহত রাখা হয়। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত সবাই বাংলাদেশের নাগরিক। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে। এএনআইয়ের তথ্য অনুযায়ী, নিহত নয় বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। এক পুলিশ কর্মকর্তা ৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে হোটেলের একটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ শনাক্ত করাই এখন প্রধান অগ্রাধিকার।