প্রকাশ : ... | ... | ...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ইরানের ওপর আরও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার হুমকি এবং তার জবাবে তেহরানের সামরিক পদক্ষেপের হুঁশিয়ারির মধ্যে সোমবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখাই তার এই সফরের লক্ষ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে মুনিরের তেহরান সফরের তথ্য জানিয়েছেন। পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এমন এক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান তেহরান যাচ্ছেন, যখন ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পরিকল্পনাকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। নিষেধাজ্ঞা আরোপ করা হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ইসলামাবাদ ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। মুনিরের সফরে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আলোচনায় আসতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর সংঘাত বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত হয়েছিল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকাও নেয় ইসলামাবাদ। আরেকটি সরকারি সূত্র জানিয়েছে, ইরানি নেতৃত্বের সঙ্গে আলোচনায় আরও কয়েকটি আঞ্চলিক বিষয় তুলবেন মুনির। এর মধ্যে রয়েছে ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের সাম্প্রতিক চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং হুথি ইস্যু। চলমান উত্তেজনা এবং তেহরান-ওয়াশিংটনের পাল্টাপাল্টি হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধানের এই সফরকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।