| ছবি: সংগৃহীত
টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় মোসলিম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। পরিবারের অভিযোগ, গত ১৯ অক্টোবর টঙ্গীর একটি মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ছাত্রীটিকে যৌন নিপীড়ন করা হয়। ঘটনার পর শিশুটি মাদরাসায় যেতে অনীহা প্রকাশ করে। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে কিছু জানায়নি সে। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে ঘটনার কথা জানায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে ২১ অক্টোবর দুপুরে মাদরাসায় যান শিশুটির স্বজনেরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। একপর্যায়ে শিক্ষককে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগের তদন্তে মাদরাসা পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে তদন্ত এখনো চলছে।