প্রকাশ : ... | ... | ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনার পর হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হবে। প্রসিকিউশন জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে। এর আগে এ সংক্রান্ত আবেদনের পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন। প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। সেই আদেশের ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। গত ২১ জুলাই মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। এর আগে, দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে এবং পরে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল গত ২১ জুলাই। তবে প্রসিকিউশন অতিরিক্ত সময়ের আবেদন করলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেননি। মোজাফফর হোসেনের সঙ্গে সম্ভাব্য যোগসাজশের অভিযোগের কারণে তাকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের পর সামরিক আদালতে বিচার শেষে কয়েকজন সেনা কর্মকর্তাকে দণ্ড দেওয়া হয়। মোজাফফর হোসেন ছিলেন সেই মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি।