প্রকাশ : ... | ... | ...

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা, আদালতে তোলা হচ্ছে বন্ধু দীপকে


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরিবারের কাছে বন্ধু হিসেবে পরিচিত দীপকে শনিবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে নৌ-পুলিশ। নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শুক্রবার রাতে তাহসিফের বাবা মামলা করার পর আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি।’ গত ২৮ অক্টোবর টঙ্গীর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের দুই দিন পর শুক্রবার গভীর রাতে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে করা এ মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছেলেকে হত্যার অভিযোগ এনে মামলা করেছেন বাবা।’ তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফ নিখোঁজ হওয়ার রাতে দীপ তাঁর সঙ্গে ছিলেন। বিষয়টি তদন্তে সামনে আসার পর তাঁকে হেফাজতে নেয় পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার দিনভর তাঁকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। এ সময় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। হত্যা মামলা হওয়ার পর শুক্রবার রাতেই দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। তাঁর বাবা জানান, বাসা থেকে নিচে নামার পর তাঁর মা একাধিকবার ফোন করেও আর যোগাযোগ করতে পারেননি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে এক যুবকের সঙ্গে তাহসিফকে দেখা যায়। ফুটেজে ওই যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে তাঁকে চলে যেতে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই যুবককে দীপ হিসেবে শনাক্ত করেন।