প্রকাশ : ... | ... | ...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (১ নভেম্বর)। অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সিদ্ধান্ত দেবেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার ৪১ আসামির মধ্যে বর্তমানে ১১ জন গ্রেফতার রয়েছেন। অন্যরা পলাতক। এর আগে গত ৭ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে ওই দিন ট্রাইব্যুনালের একজন বিচারক অসুস্থ থাকায় আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। পরে আদালত শুনানি পিছিয়ে দেন। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার চেয়ে ৫ আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন হেফাজতের নেতারা। মামলাটির তদন্তে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ওই সমাবেশকে কেন্দ্র করে মোট ৫৭ জনের হত্যার তথ্য পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তের ভিত্তিতে ৪১ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজকের শুনানিতে এসব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি গুরুত্ব পাবে।