প্রকাশ : ... | ... | ...

রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান : দাবি পুলিশের


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে হাজির করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। রিমান্ড শেষে পুলিশ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে। অন্যদিকে আখতারুজ্জামানের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেছেন। বিষয়টি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক। পুলিশের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা দাবি করেছেন, এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলার তদন্ত ও বিভিন্ন তথ্য যাচাই-বাছাই এখনো চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিমানবন্দর থানায় মামলাটি করা হয়। দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও মামলায় রয়েছে। এর আগে শনিবার (৩ অক্টোবর) আদালত এ মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। মামলাটি আদালতে উপস্থাপনের পর বিচারক আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্টসংলগ্ন ধামালকোট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।