| ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করে আলোচনার জন্ম দেওয়া এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর সফর চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। ওই দিন বিকেলে রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে বহনকারী বিশেষ বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের পর তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। প্রধানমন্ত্রীর বাসে যাতায়াতের একটি ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়, রাজশাহীতে প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রুয়েটের বাস ব্যবহারের কারণ কী। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সামনে আসার পর এর নিন্দা জানান রাজশাহী মহানগর বিএনপির নেতারা। তাঁরা মন্তব্যটিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করে ঘটনার তদন্ত দাবি করেন। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।’ দলটির সহসভাপতি আলী আশরাফ মাসুমও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে মন্তব্যকারীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া যুবকের বিস্তারিত পরিচয় এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।