প্রকাশ : ... | ... | ...

দুই মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির প্রত্যেককে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ডেভিড ইমনসহ আসামিদের আদালতে হাজির করা হয়। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।