প্রকাশ : ... | ... | ...

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবউল্লাহ এ আদেশ দেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্টে বলা হয়েছে, ঘটনার রাতে দীপ উত্তরার বাসা থেকে তাহসিফকে ডেকে নিয়ে বাইরে যান। পরদিন উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসতে দেখার খবর পায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে তাহসিফের পরিচয় শনাক্ত করা হয়। রিপোর্টে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে দীপের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখা প্রয়োজন বলেও প্রতিবেদনে বলা হয়। পুলিশের আশঙ্কা, মুক্তি পেলে তদন্ত ব্যাহত হতে পারে। রিমান্ড আবেদনে পুলিশ জানায়, দীপকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং হত্যার স্থান শনাক্তের চেষ্টা করা হবে। গত ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে তাকে বের হতে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই যুবককে তাহসিফের জুনিয়র বন্ধু দীপ হিসেবে শনাক্ত করেন। গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সংস্থাটি। এ সময় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেটি তাহসিফের কি না, তা যাচাই করছে পিবিআই। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার গভীর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এরপর রাতেই দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই।