প্রকাশ : ... | ... | ...

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখাল আদালত


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানায় করা ইসহাক জমাদ্দার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তাঁকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে আদালত শাহজাহান ওমরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আদালত সূত্র জানায়, তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিং শুনানিতে বলেন, মামলার তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার স্বার্থে শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। পুলিশের এই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ২৪ আগস্ট পুলিশ এ মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল। তাঁর উপস্থিতিতে ওই আবেদনের শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত। শাহজাহান ওমর আগে থেকেই অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। ইসহাক জমাদ্দার হত্যা মামলার সূত্রপাত ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনাকে কেন্দ্র করে। মামলার এজাহার ও নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন মো. ইসহাক জমাদ্দার। তিনি বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের বাসিন্দা ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মামলার নথিতে আরও বলা হয়েছে, ঘটনার পর ইসহাকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা মামলা করতে আগ্রহী ছিলেন না। পরে ২০২৫ সালের ২ জুলাই আদাবর থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন বাদী হয়ে ইসহাক জমাদ্দার হত্যার ঘটনায় মামলা করেন।