| ছবি: সংগৃহীত
চেক ডিজঅনারের একটি মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। সালমান এফ রহমানের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি দায়েরের পর গত ৭ মে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। একই মামলার অন্য আসামিরা ইতোমধ্যে জামিনে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সালমান এফ রহমান ছাড়াও আসামি করা হয়েছে আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মন্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানাম, মো. সাইফুর রহমান, অবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং এ এস এফ রহমানকে। মামলার অভিযোগ অনুযায়ী, এক্সিম ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি ব্যাংকের প্রধান কার্যালয়ের করপোরেট শাখায় জমা দেওয়া হলে একই দিন "Insufficient Fund" (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে সেটি ফেরত দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, পরে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি। এরপর চেক ডিজঅনারের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করা হয়।