প্রকাশ : ... | ... | ...

চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুর কারাগারে


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে সোমবার ওবায়দুর রহমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ মামলায় ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। এ মামলায় গ্রেপ্তারের পর গত ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়।