| ছবি: সংগৃহীত
কারাগার থেকে আদালতে আসামি হাজির করার প্রক্রিয়া ডিজিটাল করা গেলে বিচারব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্যে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। বিচারব্যবস্থার ওপর মামলার চাপের বিষয়টি তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, সারা দেশে বর্তমানে ৪৬ লাখ মামলা চলমান। এসব মামলা নিষ্পত্তি করা ২ হাজার ৩০০ বিচারকের জন্য অত্যন্ত কঠিন। তিনি জানান, বিচারব্যবস্থাকে আরও উন্নত করা এবং জনগণের আস্থার জায়গায় নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। এ জন্য বিচারপ্রক্রিয়ায় পরিবর্তন আনার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার নিয়েও কাজ করা হচ্ছে। সাইবার আইন প্রণয়নের ক্ষেত্রেও জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। আইনমন্ত্রী জানান, সাইবার আইনটি যাতে আরও বেশি জনসম্পৃক্ত হয়, সে জন্য বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। এ ছাড়া সংবিধান সংশোধনের বিষয়েও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে বলে জানান তিনি। জুলাই যোদ্ধা, নিহতদের পরিবারের সদস্য, আইনজীবী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে সংবিধান সংশোধনের কথা জানিয়েছেন আইনমন্ত্রী।